শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া একতা মৎস্য আড়ত থেকে নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, শুক্রবার দিবাগত রাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জেলে বাবু সরদার এবং পাবনার ঢালারচর এলাকার জেলে জামাল প্রামানিক ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। করে শনিবার ভোরের দিকে জাল টেনে উঠালে দেখা যায়, জেলে বাবু সরদারের জালে ১৭ কেজি এবং জামাল প্রামানিকের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল দুটি ধরা পড়েছে।

শনিবার সকালে মাছ‌ দুটি বিক্রির জন্য দুই জেলে আড়তে আনলে উন্মুক্ত নিলামে উঠলে সাড়ে ২৫ কে‌জি ৫০০ গ্রামের কাতল‌টি ২ হাজার ১০০ টাকা কে‌জি দরে ‌মোট ৫৩ হাজার ৫৫০ টাকা এবং ১৭ কে‌জির কাতল‌টি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ সহ মোট ৮২ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নেন।

তিনি আরও জানান, গুলশান এলাকার এক শিল্পপতি মাছ দুটি কেনার বিষয়ে আগ্রহ দেখান। পরে কেজি প্রতি ১০০ টাকা হিসেবে ৪ হাজার ২৫০ টাকা লাভে ৮৬ হাজার ৭০০ টাকায় মাছ দুটি তার কাছে বিক্রি করি।

জেলে বাবু সরদার জানান, পদ্মা-যমুনা নদীতে বর্তমানে অনেক বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো ভালো দামে বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। কিন্তু জ্বালানি তেলের অভাবে তারা ঠিকমতো নদীতে ট্রলার চালাতে পারছেন না। ঠিকমতো জাল ফেলতে পারলে তারা আরও মাছ ধরতে পারত।