বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আ. রাজ্জাক এবং পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০)। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী বাংলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই যাত্রী আ. রাজ্জাক মারা যান। এতে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস