বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচির বাজার এলাকায় সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১টার দিকে থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন দুই ভাগে বিভক্ত হয়ে সোনালী এবং কৃষি ব্যাংকে হামলা চালায়। এ সময় বাজার এলাকায় ফাঁকা গুলি ছুড়লে আতঙ্কে সবাই পালাতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দুইটি ব্যাংক লুট করে এলোপাথারি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ঢাকা পোস্টকে বলেন, সকালে সশস্ত্র একদল সন্ত্রাসী উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক এ পৃথকভাবে হামলা চালায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জিম্মি করে সেনালী ব্যাংক থেকে ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

তারা ফাঁকা গুলি ছুড়ে থানচি বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে এতে কারা জড়িত সে ব্যপারে কিছুই বলতে পারছি না। বর্তমানে উপজেলায় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে আছে।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসএম