সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মাহবুব আলম। অগ্রণী ব্যাংকের এমডি হয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদ। আর বেসিক ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা। তিনজনকেই তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার নজির আগেও রয়েছে। অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ একসময় সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংকের এমডি ছিলেন। পরে ২০০৪ সালে তাঁকে অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া চলতি বছরের জুনে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের এমডি ও সিইওদের চুক্তির অবশিষ্ট মেয়াদ দুই দফায় বাতিল করে সরকার।

প্রথম দফায় গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) এমডি মো. জসিম উদ্দিনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

দ্বিতীয় দফায় গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তির অবশিষ্ট মেয়াদ একইভাবে বাতিল করা হয়।

এস