আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনজীবীদের দ্বিতীয় বৃহত্তম এ সংগঠনটি চলমান হরতাল অবরোধের মধ্যেও ব্যাপক প্রচারণায় মুখর করে রেখেছে চট্টগ্রামের আদালতপাড়া।

আওয়ামীলীগ এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের জন্য এ নির্বাচন অনেকটা ‘প্রেস্টিজ ইস্যু’ হিসেবে নিয়ে উভয় দলের সমর্থক আইনজীবীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম আইনজীবী সমিতির এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পাওয়া চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৩৪৮ জন। এতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪৯ জন প্রার্থী ।

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীরা তিনটি পৃথক প্যানেলে বিভক্ত রয়েছেন। ৯টি সম্পাদকীয় পদ ও ১০টি নির্বাহী সদস্য পদসহ ১৯টি পদের জন্য তিন প্যানেলের ৪৯ জন প্রার্থী ভোটযুদ্ধে নামবেন কাল।

নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্যানেলগুলো হচ্ছে, আওয়ামীলীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’, বিএনপির নেতৃত্বাধীন ২০ দল সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী ভাবধারায় বিশ্বাসী ‘আইনজীবী ঐক্য পরিষদ’, দলীয় সঙ্কীর্ণতামুক্ত সমিতি পরিচালনা ও দুর্নীতির মূলোৎপাটনে প্রত্যয়ী ‘সমমনা আইনজীবী সংসদ’।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও সমমনা আইনজীবী সংসদ প্রতিদ্বন্দিতা করছে ১১টি পদে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদের প্রার্থী হচ্ছেন এডভোকেট মোহাম্মদ মুজিবুল হক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক পদে প্রতীক কুমার দেব।

আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এনামুল হক ও সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আলমগীর মোহাম্মদ ইউনুছ।

সমমনা আইনজীবী সংসদ প্যানেল থেকে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী এসএম জাহেদ বীরু এবং সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ রাসেল।

এমকে