logo
Search

সারাদেশ

পুরান ঢাকায় বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের প্রথম তলায় ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই ব্যাচেলর হিসেবে থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে বসবাস করে।

পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ওসি আরও জানান, নিহতের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এস