কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের প্রায় ১ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য-উপাত্ত চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ-পরিচালক ও অনুসন্দানী কর্মকর্তা মোঃ জুলফিকার আলী স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামি ১৩ অক্টোবর মধ্যে বাংলাদেশ ব্যাংক, ইসলামিক আইসিবি ব্যাংক, সিটি ব্যাংক, কৃষি ব্যাংক ও লিজিং কোম্পানি আইডিএলসি’র এমডিকে তথ্য-উপাত্ত সরবরাহ করতে বলা হয়েছে।
চিঠিতে চাহিদা পত্রের মধ্যে রয়েছে; বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন, ঋণ গ্রহণে ব্যবহৃত ভুয়া প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, ঋণের আবেদন এবং ঋণ মঞ্জুরির নথিপত্র।
তবে বেসিক ব্যাংকের বিরুদ্ধে আগে থেকেই দুদকের অনুসন্ধান চলমান থাকায় এবার বেসিক ব্যাংককে তথ্য চেয়ে চিঠি দেয়া হয়নি বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, কথিত ব্যবসায়ি ওয়াহিদুর রহমান কৌশলে ৫টি ব্যাংক থেকে ঋনের নামে প্রায় ১ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে কথিত ব্যবসায়ি ওয়াহিদুর রহমান নামে-বেনামে ঋণ নিয়ে পালিয়ে যান। এর মধ্যে বেসিক ব্যাংকের ৭৬৭ কোটি, ইসলামিক আইসিবি ব্যাংকের ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ১২৪ কোটি, সিটি ব্যাংকের ৬ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা রয়েছে।
এ ঘটনায় গত ১৫ জুলাই মাসে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর গত ২৪ সেপ্টেম্বর দুদক ৩ সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করে।
ঢাকা, একে, ২৯ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম, কেএইচ





