ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
আসলামের জামিন আবেদন নাকচ করে মহানগর হাকিম গোলাম নবী মঙ্গলবার এই আদেশ দেন। গুলশান থানায় গত ২৬ মে আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা দায়ের করে পুলিশ। পরদিন আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
বিষয়টি সোমবার আদালতে উঠলেও আসলামের আইনজীবীদের আবেদনে শুনানি পিছিয়ে আজ (মঙ্গলবার) আসে।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, “সাম্প্রতিককালে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম, ষড়যন্ত্রমূলক হত্যা ও বোমাবাজির সঙ্গে আসামি আসলাম চৌধুরীর যোগসূত্র রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।”
অন্যদিকে এর বিরোধিতা করে আসলাম চৌধুরীর অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন।
তিনি আদালতকে বলেন, “কেবল পত্রিকায় প্রকাশিত একটি ছবির ওপর ভিত্তি করে রাষ্ট্রদ্রোহ মামলা করা আইনের অপব্যাবহার।
আসলাম চৌধুরী দাওয়াত পেয়ে ভারতের এক অনুষ্ঠানে গেলে সেখানে ইসরায়েলের লিকুদ পার্টির ওই নেতার সঙ্গে তার দেখা হয়। তাদের মধ্যে রাষ্ট্রদ্রোহমূলক কী কথা হয়েছিল তা তো রাষ্ট্রপক্ষ এখানো বলতে পারছে না।”
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে আসলামকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এসএম





