এর মধ্য দিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হয়েছে। গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।

ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরুর পর থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। তবে এবার এসএমএসে ফল জানার নম্বরে পরিবর্তন আনা হয়েছে।

যেভাবে অনলাইনে ফল জানা যাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট [https://eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd) এবং [https://educationboardresults.gov.bd](https://educationboardresults.gov.bd) থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পরে প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ফল প্রকাশ করতে পারবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসে ফল জানার নতুন নিয়ম

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে এসএমএস পাঠানোর নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও ২০২৬ সালে নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।

যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>

উদাহরণ: HSC DHA 123456 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।

আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে ফলাফলের কোনো কপি সরবরাহ করা হবে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এনএইচ