ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনার মামলায় জেলা বিএনপির সম্পাদক ও পৌর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশির হাওলাদার, জেলা যুবদল সভাপতি ইয়ারুল আল লিটনসহ ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের কয়েকজন আহত হন। এ ঘটনায় ৭ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।
এ মামলায় বিএনপির ২১ নেতাকর্মী দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
এআর





