আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেটে নাম না আসা প্রার্থীরা অনশন কর্মসূচি শুরু করেন। সেখানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে অনশনরতদের মধ্য থেকে চারজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- বাকৃবির আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হল শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয়। আটক অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সেখানে দেখা যায়। ছাত্রদলের নেতাকর্মীরা আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় সহযোগিতা করেন। তাদের মধ্যে ঢাবি ছাত্রদলের নেতা নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে অন্য নেতাকর্মীরা ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, “ঢাবির প্রক্টরিয়াল টিমের সহায়তায় আমরা সেখানে যাই। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এস