ক্যাসিনো ও জুয়ার আসর চলার অভিযোগে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ‘কলাবাগান ক্রীড়া চক্র’ থেকে ক্লাবটির সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা শফিকুল ইসলাম ফিরোজসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হওয়া অভিযানে তাদের আটক করা হয়।

এসময় অবৈধ বিদেশি পিস্তল, ইয়াবা, পাঁচ শতাধিক প্লেয়িং কার্ড ও জুয়ার কয়েন জব্দ করা হয়। এখান যেই ইয়াবা পাওয়া গেছেভিন্ন ইয়াবা। ইয়াবাগুলো হলুদ রঙয়ের এবং গন্ধহীন।

র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল আলম ফিরোজ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্লাবের অফিস সহকারী হাফিজ, হারুন, লিটন ও আনোয়ার।

র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ বলেন, ক্লাবে ক্যাসিনো চালানোর কোনও প্রমাণ মেলেনি। তবে ক্লাবটিতে ক্যাসিনো চলতো বলে আলামত পেয়েছি। ক্যাসিনো চালানোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এরমধ্যে বিদেশি কয়েন, স্কোরবোর্ড ও কার্ড রয়েছে।

এরআগে দুপুর দেড়টার দিকে ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‌্যাব। পরে বিকাল ৪টার দিকে ক্লাবটির আশপাশ ঘিরে ফেলেন র‌্যাব সদস্যরা। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শফিকুল আলমকে নিয়ে ক্লাবটিতে অভিযান শুরু হয়।

এসময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

র‌্যাব-২’র অধিনায়ক আরও বলেন, আমরা দুপুর থেকে ক্লাবটিতে অবস্থান নিয়েছি। আমাদের কাছে তথ্য ছিল ক্রীড়াচক্রের আড়ালে অনুমোদনহীন বিভিন্ন কার্যক্রম সেখানে চলতো। তিনি জানান, ইয়াবা ও বিদেশি পিস্তল ফিরোজের হেফাজত থেকেই উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা বাজারের অন্য ইয়াবার চেয়ে ভিন্ন। তিনি বলেন, ইয়াবাগুলো হলুদ রঙয়ের এবং গন্ধহীন।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় পৃথক মামলা হবে বলে জানান তিনি।

কলাবাগান ক্রীড়াচক্রে পরিচালিত অভিযান শেষ হওয়ার পর মেট্রোশপিং সেন্টারে স্থাপিত ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু হবে বলে জানান র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতনে যুবলীগের নেতা জি.কে শামীমের অফিসে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব। এছাড়া নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) চেক ও ১০০ কোটি টাকার চেক উদ্ধার করা হয়। আর শামীমকে তার ৭ দেহরক্ষীসহ আটক করা হয়।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে তার পরিচালিত অবৈধ ক্যাসিনোতেও অভিযান চালানো হয়।

ওই ক্যাসিনোর ভেতর থেকে তরুণীসহ ১৪২ জনকে আটক করা হয়। নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ইয়াবা, মদ, বিয়ার জব্দ করা হয়।

এমবি