ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে করা আবদুল আউয়াল মিন্টুর আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। এ বিষয়ে চেম্বার জজ কোনো আদেশ দেননি।
মঙ্গলবার দুপুরে চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী আপিলের বিষয়ে কোনো আদেশ না দিয়ে তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। আগামী ৯ এপ্রিল আপিল বিভাগে এই আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকালে সুপ্রীমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে এ আপিল করেন তার আইনজীবীরা।
এর আগে, রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তার আইনজীবীরা মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। সোমবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজ করে দেন।
কেএইচ





