সরকার সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীর্তি মামলা অন্য আদালত স্থানান্তর এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার এক লিখিত বিবৃতির মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ও ফোরামের মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এ প্রতিবাদ জানান।
লিখিত প্রতিবাদে আরো উল্ল্যেখ করা হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভোটে তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। আদালত ইতোমধ্যে গত ১৯ মার্চ ফৌজদারী কার্যবিধি লঙ্ঘন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে শতশত আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে আদালতে শুনানী না করে নিজ কক্ষ থেকে কর্মচারীর মাধ্যমে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রদান করে যা সম্পূর্ন অবৈধ।
সরকার যাতে উপরোক্ত দুটি মামলার বিচারিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীগন যাতে যথাযথভাবে তাঁকে প্রতিনিধিত্ব না করতে পারেন এবং সাংবাদিকদের আদালতে উপস্থিতি নিয়ন্ত্রণ করার অসৎ উদ্দ্যেশেই সরকার আদালত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং উক্ত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানাচ্ছে।
[b]ঢাকা.কেএ ৮মে (টাইম নিউজ বিডি)// এসএইচ[/b]