ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-২০১৫ সালের দু'দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বুধ ও বৃহস্পতিবার দুদিনের এ নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এ নির্বাচনে নীল, সাদা ও সবুজ এই তিনটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৫টি পদের জন্য ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১৪ হাজার ৩১০জন।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393417011.jpg[/img]
বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল, আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে সবুজ প্যানেলের অধীনে ৬৯ জন প্রার্থী এবং একজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল প্যানেলের সভাপতি পদে গত নির্বাচনের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মহসীন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সাদা প্যানেলে সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে গত নির্বাচনের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবুজ প্যানেলের সভাপতি অ্যাডভোকেট জলিল উদ্দিন হাওয়লাদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের বাইরে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট এসএম নজরুল ইসলাম।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393417695.jpg[/img]
নির্বাচনের অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে তিন জন, সহসভাপতি পদে তিন জন, সিনিয়ার সহসাধারণ সম্পাদক পদে তিন জন, সহসাধারণ সম্পাদক পদে তিন জন, ট্রেজারার পদে তিন জন, সাংস্কৃতিক সম্পাদক পদে তিন জন, লাইব্রেরি সম্পাদক পদে তিন জন এবং দফতর সম্পাদক পদে দুই জন। এছাড়া সদস্য ১৫টি পদের বিপরীতে ৪০ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র জানায়, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ছয় জন নির্বাচন কমিশনার এবং ৫৪ জনকে সদস্য করে মোট ৬১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393417773.jpg[/img]
ছয় নির্বাচন কমিশনার হলেন, ঢাকা বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, অ্যাডভোকেট আলী আহাম্মদ, অ্যাডভোকেট এখলাছুর রহমান, সাবেক ট্রেজারার মোহাম্মদ মোহসীন, বর্তমান ট্রেজারার নজরুল ইসলাম শামীম ও অ্যাডভোকেট মতিউর রহমান ভুইয়া।
প্রসঙ্গত, ২০১৩ ও ২০১৪ বর্ষের নির্বাচনে বিএনপি দলীয় নিল প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতিসহ ১২টি পদে জয়ী হয়েছিল।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]