বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। এ উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে পৃথক দুটি বৈঠকের আয়োজনের প্রস্তুতি চলছিল। প্রতিটি বৈঠকে অন্তত অর্ধশত নেতাকর্মীর উপস্থিত থাকার কথা ছিল বলে পুলিশের কাছে তথ্য আসে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে ডিবির একাধিক দল। অভিযানের খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্র হয়ে ধানক্ষেতে আত্মগোপন করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মজনু সরকার ধরা পড়েন।

গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।

পরে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা গোবিন্দগঞ্জ থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালে দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মজনু সরকারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলাও রয়েছে।

এস