কক্সবাজারে গোয়েন্দা পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো. ইকরামসহ তিনজনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর ৪টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার গোয়েন্দা পুলিশের ওসি একেএম মনজুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে দরিয়া নগর এলাকায় একটি মাইক্রোবাস থামাতে বলা হয়। কিন্তু গাড়িটি না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং ১২ মামলা পলাতক আসামি মো. ইকরামসহ তিনজনকে আটক করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের চার সদস্যও সামান্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে আসমত উল্লাহ ও মো. ফারুককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ ছাড়াও গুলিবিদ্ধ মো. ইকরামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ