রাজধানীর উত্তরা এলাকা থেকে চাকুরি দেয়া নামে প্রতারণা চক্রের তিনজন প্রতারক এবং এক অস্ত্রধারি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, শেখ শামীম (৩২), মোঃ জাহিদুল ইসলাম ওরফে শাকিল (৪৪), নান্টু হাওলাদার (৪৫) এবং অস্ত্রধারি সন্ত্রাসী মোঃ মফিজ উদ্দিন (৪৩)।
র্যাব সদর দপ্তরের মিডিয়া ও লিগ্যাল উইং এর সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় এক লক্ষ ষাট হাজার টাকাসহ প্রতারক চক্রের তিন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে।
তারা বহুদিন যাবৎ বিভিন্ন জেলার কলেজ পড়ুয়া ছাত্র, যুবক ও সাধারণ মানুষদের কাছে প্রলোভন দেখিয়ে চাকুরীর কথা বলে এমন প্রতারণার কাজ করে আসছে বলেও জানায় তারা।
এদিকে একইদিন বিকেলে সাড়ে পাঁচটার দিকে গাজিপুরের শ্রীপুর থানার মোলাইদ এলাকা হতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং একটি প্রাইভেটকারসহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মফিজ উদ্দিন (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব-১ এর অপর একটি দল।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
এমআর/এসএইচ





