ওয়াশিকুর বাবু হত্যা মামলায় পাঁচ জনের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চার্জশীট ভুক্ত আসামীদের মধ্যে তিনজন গ্রেফতার হয়েছে এবং বাকি দুজন পলাতক রয়েছে।

তিনি বলেন, গত ৩০ মার্চ সকালে হাতিরঝিল সংলগ্ন বেগুনবাড়ি এলাকায় ওয়াশিকুর রহমান বাবুকে (২৬) কুপিয়ে হত্যা করার মামলায় গ্রেফতার জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম এবং পলাতক দুই আসামী হাসিব আব্দুল্লাহ ও আবু তাহের জুনায়েদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্লগে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার অভিযোগে ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার দিন পুলিশ-জনতা হাতে-নাতে দুজনকে আটক করে।

পরবর্তীতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। তাই তাদের বিরুদ্ধে চার্জশীট দেওয়া হয়েছে।

প্রশঙ্গত, গত ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী দিপীকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।

বাবুকে হত্যার পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে ওই দুই মাদ্রাসাছাত্রকে আটক করা হয়। ওই সময় আবু তাহের পালিয়ে যায়।

আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

বাবু হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে ওই রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

এমআর/এসএইচ