রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম তৌহিদ (৩৫)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে খিলগাঁও থানার নাগদাড় পাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, রাতে নাগদাড় পাড় বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদের সঙ্গে ডিবি পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় তৌহিদের বুকে ও পিঠে গুলি লাগে।

খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তবে কী কারণে, কীভাবে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে, সে সম্পর্কে ডিবি পুলিশের কাছ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য মেলেনি।

এএস