মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদার,খান আকরাম হোসেন ও পলাতক সিরাজ মাস্টারের বিষয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আগামী ২০ আগস্টের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন এ আদেশ দেন।
এর আগে তিন আসামির তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে একটি শুনানি হয়। তখন আসামি আব্দুল লতিফ তালুকদারের জামিন আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
সরোয়ার হোসেন আদালতকে বলেন, ‘আসামি একজন বৃদ্ধ লোক, তিনি সারাদিন পুকুর পাড়ে বসে থাকেন,তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তদন্তকালে তিনি কোনো প্রকার বাধার সৃষ্টি করেননি।’
এদিকে আকরাম হোসেনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে তাকে একদিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
আদালতের আদেশের প্রেক্ষিতে প্রসিকিউটর সাইদুল হক সুমন আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ছয় মাস সময় প্রার্থনা করেন। পরে শুনানি শেষে আদালত আগামী ২০ আগস্ট দিন নির্ধারণ করেন।
গত ২৫ জুন আব্দুল লতিফ তালুকদারকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। গত ১২ জুন আসামি আব্দুল লতিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ার নির্দেশ দেন আদালত।
আব্দুল লতিফসহ তিন জনের বিরুদ্ধে গত ১০ জুন মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ আদেশ অনুযায়ী ১১ জুন বুধবার ভোরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামের বাড়ি থেকে আব্দুল লতিফ তালুকদারকে (৭৫) গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃত আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা এবং দুইশ জনকে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
এছাড়া আকরামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২০ জুন শুক্রবার রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজশাহী পুলিশ। এরপর ২২ জুন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেফতারকৃত আকরাম হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

ঢাকা,কেএ ৭ জুলাই(টাইমনিউজবিডি.কম)