রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ দেন।
এ নিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মামলাটিতে মোট ২০ বার সময় পেল সিআইডি।
ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান তিনি।
গুলির ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
হত্যা মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
এরপর ১৫ জানুয়ারি মামলার বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। এরপর থেকে মামলাটির তদন্ত করছে সংস্থাটি।
ডিবির দেওয়া অভিযোগপত্রে থাকা ১৭ আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ছয়জন পলাতক বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
এস











