সদ্য গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মহ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেছে র‌্যাব।

সম্প্রতি র‌্যাবের চলমান শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১টার দিকে টিকাটুলির নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩ । এবং রাতে তার বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দুটি দায়ের করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, অভিযানকালে তার কার্যালয় থেকে দুটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়। ওয়ারী থানার মামলা নং ২৬ ও ২৭।

বৃহস্পতিবার তাকে গ্রেফতারের পর তার কার্যালয়ে র‌্যাব-৩ সিও সাংবাদিকদের বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে আয়কৃত বিপুল পরিমাণ অর্থ আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে পাচার করেছেন।

গত বুধবার রাতে ওয়ারী থানায় দায়েরকৃত এক চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি কাউন্সিলর মঞ্জু। তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। সবগুলো মামলায়ই তার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজি ও সন্ত্রাসবাদির অভিযোগ রয়েছে।

র‌্যাব-৩ সিও বলেন, অভিযোগ রয়েছে- কাউন্সিলর মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন এবং সেসব অর্থ আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন। কী পরিমাণ অর্থ তিনি পাচার করেছেন এটি আইনিভাবে তদন্তের বিষয়। কাউন্সিলর মঞ্জু নিজেও একজন মাদকসেবী ছিলেন।

এম বিল্লাহ