সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল শর্মা নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার রুবেল টেকনাফ থানার পুলিশ কনস্টেবল।

তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, আলোচিত মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা হত্যা মামলায় আগে গ্রেফতার অন্য আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এই কারণে গতকাল (রোববার) রাতে র‍্যাবের একটি দল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে নিয়ে আসে। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার দেখানো হয়।

মেজর মেহেদী আরও জানান, আজ সোমবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো তাঁর রিমান্ডে চাওয়া হয়নি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে তাঁকে রিমান্ডে নেওয়া যেতে পারে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় গত ০৫ আগস্ট তাঁর বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদি হয়ে ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশের ০৯ সদস্যকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এরপর গত ০৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। র‌্যাবকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।

গত এক মাসে র‌্যাব এপিবিএনের ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। এখন পর্যন্ত ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এমবি