শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত সোহাগী বেগম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কিশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে। বর্তমানে স্বামী ও সন্তানদের নিয়ে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে ৫ তলা ভবনের ৪ তলায় ভাড়া থাকতেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ইসলামবাগের ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বনানীতে একটি বাসায় পারিবারিক কলহের জেরে মোনালিসা মুন্নি (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
মোনালিসার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরকাসিয়া গ্রামে। স্বামীকে নিয়ে তিনি বনানী থানার ১৯৬/৬ নিয়াজুদ্দিনের টিনশেডের বাসায় ভাড়া থাকতেন।
মোনালিসা মুন্নির স্বামী রানা জানান, আমি একটি প্রিন্টিং প্রেসে কাজ করি। গতকাল তার সাথে সামান্য ঝগড়া হয়েছিল। অফিস থেকে বাসায় আসিনি। আজকে সকালে বাসায় আসি। পরে নামাজ থেকে আসার পর সে আমাকে ভাত বেড়ে দেয়, আমি খাওয়া-দাওয়া করি। এরপর দুষ্টুমি করতে করতে আবার ঝগড়া হয়। পরে সে অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
এমএম