ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ডিএমডি ইমানুল হকসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের আরো একটি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ডিএমডি ইমানুল হক, সাবেক সিনিয়র ভিপি শাহ মো. হারুন, সাবেক সিনিয়র সহকারী ভিপি আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সাবেক এভিপি মো. ফজলুর রহমান, সাবেক ইও মো. তারিকুল আলম, সাবেক এসইভিপি মাহমুদ হাসান এবং সাবেক ইভিপি কামরুল ইসলাম।
জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের জানান, ওরিয়েন্টাল ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির দায়ে এ পর্যন্ত মোট ৪৮টি মামলা দায়ের করেছে দুদক। ২০০৫-০৬ সালে রাজধানীর বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়েছে।
৪৮টি মামলায় মোট ৬৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ পর্যন্ত মোট ১৬টি মামলার চার্জশিট প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দুদকের তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আদালতে চার্জশিট দায়ের করবেন । কমিশন তার আবেদন আমলে নিয়ে চার্জশিট অনুমোদন দেয়।
অভিযোগ রয়েছে,আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার এবং লোপাটের মাধ্যমে নিজেদের লাভবান হয়েছেন। তারা একই সঙ্গে অনকেও লাভবান করিয়েছেন। তারা কোনো রকম যাচাই-বাছাই ছাড়া উপযুক্ত জামানত না রেখে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ মঞ্জুর করে ওই অর্থ আত্মসাত করে।
একে,