পটুয়াখালীতে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ মঙ্গলবার পটুয়াখালীর মুখ্য বিচারিক হাকিম এসএম তারেক শামস এ আদেশ দেন।
বেলা ১১টার দিকে আসামিদের আদালতে হাজির করার পর তাঁদের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ওই আবেদন নামঞ্জুর করেন এবং আগামী ১০ আগস্ট শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, ‘এটি একটি মিথ্যা ও সাজানো মামলা। ছাত্রদলের মতো একটি সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে এ মামলা দেওয়া হয়েছে।’
অন্য পাঁচজন হলেন সালাহউদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ জসীম উদ্দিন, সাইফুল ইসলাম ও গাড়িচালক অসীম হালদার।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। পুলিশের দাবি, তাঁদের প্রাইভেট কারে থাকা লাগেজ থেকে ৪৫টি ইয়াবা বড়ি ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
এমএইচ