মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় তার আইনজীবী ব্যারিস্টার ফখরুলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম তার জামিন নামঞ্জুর করেন। তার আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম আদালতে তার জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন।
গত বছর ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায় ঘোষণার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীসহ পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তুলে রায়ের কপি সবাইকে দেখান।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংরক্ষিত কম্পিউটারে রক্ষিত ফাইল থেকে পেনড্রাইভের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং পরে তা অনলাইনে প্রকাশ করেন যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অপরাধ।
এই ঘটনায় গত বছরের ৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনের পরিদর্শক ফজলুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন।
গত ২৮ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান হোসেন সাতজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেন।
আসামিরা হলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম, ফখরুলের সহকারী মেহেদী হাসান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন।
জেএ





