নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় র‌্যাবের হাতে গ্রেফতার ফারিয়া মাহজাবিনকে জামিন দিয়েছেন আদালত।

আজ (২৮ আগস্ট) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী জামিনের এই আদেশ দেন।  

বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফারিয়া মাহজাবিন জামিনের আবেদন করলে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। 

আদালতে ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী মো. জায়েদুল ইসলাম, জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।

ধানমণ্ডির নার্ডি বিন কফি হাউসের মালিক ফারিয়া মাহজাবিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে উসকানিমূলক বক্তব্য ও গুজব ছড়িয়েছেন। 

এর আগে, রাজধানীর হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় ৩ দিনের রিমান্ডে ছিলেন ফারিয়া মাহজাবিন।   

উল্লেখ্য, গত ১৬ আগস্ট বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হাজারীবাগ থানার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে ফারিয়া মাহজাবিনকে আটক করে র‌্যাব-২। এই সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়।

ফারিয়া নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন।   

এমবি