বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আধা কেজি গাঁজাসহ যুবলীগ নেতা দুলাল চন্দ্র মোহন্তকে (৪৫) গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার গোয়ালগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুলাল চন্দ্র মোহন্ত উপজেলা যুবলীগের সভাপতি। তিনি উপজেলার হিন্দুপাড়ার মৃত রঘুনাথ মোহন্তের ছেলে।

বগুড়ার নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহবুব হোসেন কাজল, দুলাল চন্দ্র গোয়ালগাড়ি এলাকায় পুকুর দেখাশোনার জন্য একটি ঘরে রাতে থাকেন। সোমবার গভীর রাতে গোপনে খবর পেয়ে ওই ঘর থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ দুলালকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে এসআই আলী আকবর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক জানান, দুলাল মাদক সেবন ও বিক্রি করে আসছিল। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি দুলাল মাদকসহ গ্রেফতার হবার খবর তারা জানতে পেয়েছেন। তার বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কেবি