বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদীর আইনজীবী রাওমান স্মিতা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল এ মামলায় তার জামিন বাতিল করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও বলেন, গত ২৩ আগস্ট সুফি সাগরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন। জামিন পেয়ে পুনরায় প্রতারণার নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। আমরা তার জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সুফি সাগর শামসের বিরুদ্ধে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন আদালতে মামলা দায়ের করেন। মামলার পর গত ২৭ আগস্ট গ্রেপ্তার হন, পরে তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে গতকাল ২৩ সেপ্টেম্বর আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামি গত ২৩ জুন ও ৩০ জুন হামদর্দের কাছে ১ কোটি টাকা দাবি, প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি এবং ভয়ভীতি দেখান। দীর্ঘদিন ধরে হামদর্দের নাম ও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।
এমএম





