ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অভিশংসন আইনের প্রতিবাদে আইজীবীদের আদালত বর্জনের মধ্যেই উচ্চ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আংশিকভাবে চলেছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচার কার্যক্রম চলেছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা আ: সোবহানের মামলার শুনানি হয়েছে।

পরে মামলাটির শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

এছাড়া, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির একটি আদালত এবং হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ (এনএক্স-১২) চলছে বলে জানা গেছে।

আদালতের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গেটগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোড়দার করা হয়েছে।

এদিকে, পূর্ব ঘোষিত আদালত বর্জন কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সকাল সাড়ে ১০টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনের গেইটসহ কয়েকটি গেইটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করে।

ঢাকা, কেএ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ