রাজধানীর বনানীতে এফ.আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, এফ.আর টাওয়ারের মালিক এসএম ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল’সহ ২৫ জনকে আসামী করা হয়েছে।

আজ (২৫ জুন)মঙ্গলবার দুপুরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকি বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব কুমার জানান, বনানীর এফ.আর টাওয়ার ১৫ তলা থেকে অবৈধভাবে ২৩ তলা বিশিষ্ট ভবনটি গড়ে তোলা হয়েছে। এছাড়া, ভবনটি নির্মাণে নকশার অনুমোদনও মানা হয়নি। নেই ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও সিভিল এভিয়েশনের অনুমোদন। ১৮ থেকে ২৩ তলা নির্মাণের কোনো তথ্যই নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। 

উল্লেখ্য, গত ২৮ মার্চ দুপুরে বনানীর ২৩ তলা এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মারা যান ২৬ জন। অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে এসএমএইচআই ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাজভীরুল ইসলামকে আসামি করে মামলা করেন।

এমবি