যশোরে মানহানির একটি মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করেছেন আদালত। আগামী ১০ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
আজ রোববার যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহজাহান আলীর আদালত শুনানি শেষে মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করেন।
মাহ্ফুজ আনাম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।
শুনানিতে মাহ্ফুজ আনামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান, আমিনুর রহমানসহ ২৫ জন আইনজীবী।
পরে ফরিদুল ইসলাম বলেন, আদালত ৫০০ টাকা বন্ড ও দুজনের জিম্মায় মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করেছেন। মামলার পরবর্তী শুনানি ১০ মে।
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান কবীর গত ১৬ ফেব্রুয়ারি মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। মামলাটি আদালত গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। দেশের বিভিন্ন জেলায় মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৭৮টির মতো মামলা দায়ের হয়েছে।
বেশির ভাগ মামলার অভিযোগ প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মাহ্ফুজ আনাম তাঁর সম্পাদিত পত্রিকায় মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। এতে তাঁর দল ও মামলার বাদীদের মানহানি হয়েছে।





