কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃষক মানিক হত্যা মামলায় তিন সহোদরসহ ১০জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এছাড়া প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। এছাড়া মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামের বাদল, নয়ন, মানিক, সবুজ, লোকমান, আলমগীর, মিজান, গিয়াসউদ্দিন, রহমত আলী ও মামুন মিয়া। এদের মধ্যে প্রথম তিন জন আপন ভাই।
মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জের পালইকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ আগস্ট বেলা ১১টায় আব্দুল হেকিমের লোকজনের হামলায় কৃষক মানিক মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। দুপুরের দিকে করিমগঞ্জ হাসপাতালে মানিক মিয়া মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জীবন কুমার জানান, দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিক মিয়া নিহত হন। ২০১১ সালের ৬ আগস্ট নিহতের ভাই খায়রুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এর ধারাবাহিকতায় আজ সোমবার সকালে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
এএস





