শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বড়বাদকয়া মৌজায় নিজের জমিতে গিয়ে ধানগাছের এই অবস্থা দেখতে পান মোজাম্মেল।
কৃষক মোজাম্মেল জানান, সকালে জমিতে গিয়ে দেখেন সবুজ ধানগাছগুলো হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে ধানগাছ মরে গিয়ে পুরো ক্ষেত বিবর্ণ হয়ে পড়েছে।
তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে শুক্রবার গভীর রাতে সালাম, সেকেন্দারসহ তাদের সহযোগীরা জমিতে আগাছানাশক বিষ স্প্রে করেন। এতে প্রায় তিন বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।
মোজাম্মেল বলেন, কৃষিকাজের ফসলই তার পরিবারের প্রধান আয়ের উৎস। ধান নষ্ট হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে সেকেন্দার বলেন, জমিটি তাদের পারিবারিক সম্পত্তি এবং তারা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করে আসছেন। মোজাম্মেল প্রভাবশালী মহলের সহায়তায় তাদের ওই জমি থেকে উচ্ছেদ করেছেন বলে দাবি করেন তিনি।
সেকেন্দারের ভাষ্য, তার বিরুদ্ধে আনা ধানের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস











