বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত এ রিমান্ড আদেশ দেন।
এর আগে দুপুরের পর মামলার তদন্তের জন্য মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে জামিন আবেদন না-মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবেদন বলা হয়, গত ১১ জানুয়ারি বিএনপির ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বেলা ৪টা ১৫ মিনিটে শামসুজ্জামান দুদুসহ অন্যান্য দুষ্কৃতকারী এবং রোকেয়া সরণিস্থ খান ইলেক্ট্রনিকসের সামনের রাস্তায় জাবালে নুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেন। পরে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়।
এ ছাড়াও ওইদিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, শামসুজ্জামান দুদুর নেতৃত্বে মিরপুর ১০ নম্বর ঝুটপট্টির রাব্বানী হোটেলে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত কর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এরপর গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকা থেকে দুদুকেও আটক করে পুলিশ।
জানা যায়, দুদুর বিরুদ্ধে মিরপুর থানায় কয়েকটি মামলা রয়েছে।
কেএইচ





