অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদকে পাসপোর্ট জমা রাখা শর্তে জামিন দিয়েছে হাইকোর্ট। এ মামলায় জামিন পাওয়ায় পর দিলদারের কারামুক্তিতে আর কোন বাধা নেই বলে জানালেন তার আইনজীবী।

জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে এর আগে হাইকোর্ট বিষয়টি মুলতবি রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দিলদারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ এবং তাঁর দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দিলদার আহমেদের নামে রয়েছে তিনটি মামলা। তাঁর দুই ভাই আগেই জামিন পান। দিলদার আহমেদ তাঁর সর্বশেষ মামলায় আজ জামিন পেলেন।

এর আগে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি তিনজনকে দেওয়া জামিন স্থগিত করেছিলেন। পরে ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ান আপিল বিভাগ। সর্বশেষ ২ জানুয়ারি আপিল বিভাগ ওই স্থগিতাদেশের মেয়াদ ৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে রাষ্ট্রপক্ষকে এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।

এরপর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে, যার ওপর ৮ জানুয়ারি শুনানি হয়। শুনানি শেষে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক তিনটি লিভ টু আপিল খারিজ করে দেন।

জেড