মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের সাজা আপিলেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চেউভয়পক্ষের করা আপিলের রায় দেয়া হবে মর্মে আদালত সূত্রে জানা যায়।

সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান,ট্রাইব্যুনালে প্রমাণিত ৮টি অভিযোগ আপিল বিভাগেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।

সেজন্য ট্রাইব্যুনালের দেয়া সাজা আপিল বিভাগ বহাল রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রের এ প্রধান আইন কর্মকর্তা।

এক প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল যে সব অভিযোগে খালাস দিয়েছেন সে বিষয়ে কোন আপিল করিনি।

কেননা ওই গুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করিনি। এছাড়া প্রমাণিত বাকী ছয়টি অভিযোগে সর্বোচ্চ সাজার কোন কথা বলিনি। তবে সাজা চেয়েছি।

‘আমরা বর্তমান সাঈদীর বিচার করছি না। বিচার করছি এখন থেকে ৪২ বছর আগের সাঈদীর’ ট্রাইব্যুনালের এ মন্তব্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, একটা লোক বর্তমানে ভাল হোক সেটা বিষয় নয়। যদি প্রমাণ হয় সে হত্যা, ধর্ষণের কোন ঘটনার সাথে জড়িত, তাহলে তার বিচার এবং শাস্তি হবে।

একজন লোক যতবড় সুবক্তা বা ভাল মানুষ হোক না কেন সেটা বিচার্য বিষয় নয় বলেও মন্তব্য করেন মাহবুবে আলম।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগে চার্জ গঠন করেছিল ট্রাইব্যুনাল। এরমধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয় এবং ১২টিতে তাকে খালাস দেয়া হয়।

ঢাকা, কেএ, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি