মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ আসামির বিরুদ্ধে রায় জানা যাবে আগামীকাল মঙ্গলবার।
সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান।
গত ২১ জুলাই মামলাটির শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। এ মামলায় মোট আসামি ছিল ছয়জন। তাদের মধ্যে মো: রঞ্জু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
পলাতক আসামিরা হলেন- আবদুল জব্বার (৮৬), মো: জাফিজার রহমান খোকা (৬৪), মো: আবদুল ওয়াহেদ মণ্ডল (৬২), মো: মমতাজ আলী বেপারি মমতাজ (৬৮) ও মো: আজগর হোসেন খান (৬৬)। এদের মধ্যে আজগর হোসেন খান মারা গেছেন।
তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, ভয়-ভীতি ও আতঙ্ক ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। আসামিরা গাইবান্ধা সদরের নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।
এএস





