রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে সুবর্ণা রূপা (৪০) নামের এক সংগীতশিল্পীকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা-মেট্রো উত্তর) সহকারী পরিচালক খোরশেদ আলম এ তথ্য জানান।

খোরশেদ আলম বলেন, ‘খিলগাঁওয়ের একটি বাসা থেকে সুবর্ণা রূপা নামের এক নারীকে ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে আমরা ওই বাড়িতে অভিযান পরিচালনা করি। ওই নারী নিজেকে শিল্পী বলে দাবি করেন।’

খোরশেদ আলম আরো বলেন, ‘ওই বাড়িতে ইয়াবা খাওয়ার সরঞ্জাম পাওয়া গেছে। ওই বাড়িতে ইয়াবা বিক্রিসহ খাওয়ারও ব্যবস্থা করা হতো ক্রেতাদের। সুবর্ণার ভাড়া করা ওই বাড়িতে তিনি একাই থাকতেন। তাঁর দুই ছেলে-মেয়ে কক্সবাজার লেখাপড়া করেন। সুবর্ণার গ্রামের বাড়িও কক্সবাজার। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা বড়ি সরবরাহকারী রুবেল নামের আরেক যুবককে আটক করা হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, অভিযান চালানোর সময় ওই নারীর বাড়িতে ‘হৃদয়ে রক্তক্ষরণ’ নামের একটি গানের অ্যালবামের ক্যাসেট পাওয়া যায়। এ ছাড়া ওই নারী দাবি করেন, কিছুদিন আগে একটি টেলিভিশনের পারফর্ম করেছিলেন।

এমআর