মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের আপিল মামলার শুনানিতে বিশেষ বিবেচনায় আইনজীবী হিসেবে অংশগ্রহণের জন্য তাজুল ইসলাম আবেদন করেছিলেন। আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
আবেদনটির পক্ষে আজ শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আদালত আবেদনটি মঞ্জুর না করায় তা প্রত্যাহার করে নেয়া হয়।
অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি এ মামলা বিষয়ে বিশেষভাবে অবহিত। কিন্তু সুপ্রীম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য তিনি অনুমপতিপ্রাপ্ত নন। তাই আপিল বিভাগে এ মামলার শুনানিতে তিনি বিশেষ বিবেচনায় আইনজীবী হিসেবে অংশগ্রহণের জন্য অনুমতি চেয়েছিলেন।
অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, আপিল বিভাগে প্রাকটিসের অনুমতি পাওয়ার আগে বিশেষ বিবেচনায় অনেক আইনজীবী অতীতে আপিল বিভাগের মামলায় অংশগ্রহণ করেছেন এরকম ২০টি উদাহরণ আমরা আবেদনের সাথে পেশ করেছি।
মুহম্মদ কামারুজ্জামানের আপিল শুনানির জন্য বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ আবেদনটির শুনানি গ্রহণ করেন।
[b]ঢাকা, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]