বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ সব আসামি।
আজ বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা এ রায় দেন। রায় উপলক্ষে বেলা সাড়ে ৩টার দিকে এরশাদ আদালতে হাজির হন। দলের অনেক নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে ভিড় করেন।
মামলা থেকে খালাস পাওয়া অপর ৩ আসামি হলেন- বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মুসা শুরু থেকেই পলাতক রয়েছেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলা করে। তাতে অভিযোগ করা হয়, এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকার আর্থিক ক্ষতি হয়।
তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে এরশাদসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এমবি





