নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার পৃথক দুইটি স্থানে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে প্রশ্নপত্রসহ এবং উত্তরপত্র সরবরাহের অভিযোগে আটক শিক্ষককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
এদের মধ্যে বেগমগঞ্জের ৪শিক্ষককে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড সেনবাগে ৩শিক্ষকে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড, ১৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাহিদা হাবিবা এই সাজা দেন। সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: রাশেদ, আমানুল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল, সুমন সাহা ও একই ইউনিয়নের একেজি ছায়দুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম উল্যাহ।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাহিদা হাবিবা বিষয়টি নশ্চিত করে জানান, সাজা প্রাপ্তরা পরীক্ষা কেন্দ্রের বাইরে একত্রিত হয়ে উত্তরপত্র তৈরী করছিল।
এ সময় প্রশ্নপত্র ও গাইডবই সহ তাদের আটক করা হয়। পরে তাদেরকে পাবলিক পরীক্ষা আইনের ৯(ক) ধারা মোতাবেক ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এদিকে সেনবাগ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে উত্তরপত্র সরবরাহের অভিযোগে ৩জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড, ১৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে ওই কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সচিব জাফর আহমেদ পাটোয়ারি এবং কক্ষ পরিদর্শক মো. ইউছুফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
শনিবার দুপুর দেড়টার দিকে ছাতারপাইয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- আলী হোসেন (২০), মো. শাহীন (১৯) ও রেজাউর রহমান (১৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে রসায়ন পরীক্ষা শুরু হওয়ার পর সেনবাগের ছাতারপাইয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনের একটি ফটোকপি দোকানে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. রহিমা খাতুনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় রসায়ন বিজ্ঞান প্রশ্নের উত্তরপত্র কপি করে কেন্দ্রে পৌঁছানোর সময় হাতেনাতে ৩জনকে আটক করে আদালত।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের থানায় পাঠানো হয়েছে। দায়িত্ব অবহেলায় কেন্দ্র সচিব ও এক কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এসএইচ





