প্রাইভেট কারটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে পালানোর চেষ্টায়, স্তম্ভিত পথচারীরা দেখলেন- ওই গাড়ির নিচেই আটকে রয়েছে শাড়ি পরা এক নারী।
মরিয়া চালক ওইভাবেই গাড়িটি চালিয়ে নিলেন প্রায় এক কিলোমিটার। উত্তেজিত জনতা তখন গাড়ির নিচ থেকে বের করে ক্ষতবিক্ষত ওই নারীর লাশ। পিটুনিতে আহত চালককেও হাসপাতালে পাঠাতে হয়।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় দুর্ঘটনা ঘটায় গাড়িটি।
প্রাইভেট কারটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজাহার জাফর শাহ। তখন গাড়িতে তিনি ছাড়া আর কেউ ছিল না।
যিনি মারা গেছেন সেই রুবিনা আক্তার (৪০) ছিলেন একটি মোটর সাইকেলে। জাফরের গাড়ির ধাক্কায় তিনি ছিটকে চলে যান ওই গাড়ির নিচে। পেছন ও আশপাশের থেকে অনেকে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। এক কিলোমিটার ছেঁচড়ে যাওয়ার পর রুবিনাকে আর বাঁচানোর উপায় ছিল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেল করে হাজারীবাগে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন রুবিনা। তার নিজের বাসা তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায়। স্বামী মাহবুবর রহমান খান ডলার মারা গেছেন আগেই। অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলে রয়েছে তাদের।
সোশাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা যায়, এক নারী একটি প্রাইভেট কারের বাঁপাশে আটকে রয়েছেন। পেছনের বাইকাররা চিৎকার করে গাড়ি থামাতে বলছেন, কিন্তু গাড়ি চালক দ্রুত গতিতে চালিয়েই যাচ্ছেন।
নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ পার হতেই সামনে একটি অটোরিকশা এসে পড়ায় গতি কমাতে বাধ্য হন গাড়ি চালক। জনতা তখন গাড়িটি ঘিরে ফেলে।
ওসি নূর মোহাম্মদ বলেন, জনতা গাড়িটি আটক করে চালককে ধোলাই দেয়। চালক জাফরের অবস্থাও ভালো না। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির সাবেক শিক্ষক
গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষক। তার নাম মোহাম্মদ আজহার জাফর শাহ। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন তিনি। ২০১৮ সালে তাকে চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই নারী প্রাইভেট কারের বাম্পারে আটকে যান। তখন গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে যান চালক। তাকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই নারীকে জীবিত উদ্ধার করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব জাফর শাহ। তার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ক্লাসসহ একাডেমিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে ২০১৮ সালে আজহার জাফর শাহকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।
এন/ইউ/শো





