অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষ মিলে নিয়েছেন এই উদ্যোগ। তাদের প্রত্যেকে বছরে এক দিন করে কর্মসূচির দায়িত্ব পালন করবেন। এভাবে বছরের ৫২ সপ্তাহই চলবে খাবার বিতরণ কার্যক্রম।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে শুরু হয়েছে এ উদ্যোগ। প্রত্যেকে বছরে একটি শুক্রবারের খাবারের আয়োজনের দায়িত্ব নেবেন। ফলে একজনের ওপর নিয়মিত আর্থিক চাপ না পড়েই সারা বছর এ কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে। নতুন করে বিত্তবান ও মানবিক মানুষ যুক্ত হলে কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত হবে ‘মেহমানখানা’। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এ উদ্যোগ অন্যদেরও মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক মো. শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তা।
এমএম











