জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা।
বুধবার সন্ধ্যার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কাছে এ আবেদন নিয়ে আসেন কনসোল্টা জুরি চেম্বারের অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।
কামরুজ্জামানের সঙ্গে দেখা করার আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। অন্য সাক্ষাত প্রার্থীরা হচ্ছেন- অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার নাজীব মোমেন, অ্যাডভোকেট মশিউল আলম।
আবেদনে বলা হয়, কামরুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে অন্তরীণ আছেন। ৩ নভেম্বর আপিল বিভাগ কর্তৃক আপিলের রায় প্রকাশিত হয়েছে। আপিলের রায়ের বিষয়ে মক্কেলের দিক-নির্দেশনার জন্য ৬ নভেম্বর আমরা সাক্ষাত করতে চাই।
মামলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আলাদা কক্ষে সাক্ষাতের অনুমতি চাওয়া হয় ওই আবেদনে।
কেএইচ





