৩৩ বছর পর সুচিত্রা সেনের বাড়ি দখল মুক্ত হয়েছে।

বুধবার উচ্চ আদালতের নির্দেশে পাবনার জেলা প্রশাসন দুপুরে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি ইমাম গাজ্জালী ট্রাস্টের কাছ থেকে দখল মুক্ত করে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার দুপুরে বাড়িটি উদ্ধার করে সরকার দখলে নেয়। সেখানে অবৈধভাবে স্থাপিত ইমাম গাজ্জালী ইন্সটিটিউট নামে একটি কিন্ডারগার্টেন স্কুল সিলগালা করে দেয় জেলা প্রশাসন। এর আগে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের আসবাবপত্র সরিয়ে নেয়।

ইমাম গাজ্জালী ট্রাস্ট মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি দখল করে একটি কিন্ডারগার্টেন স্কুল স্থাপন করে। ২০০৯ সালের ১২ জুন পাবনার তৎকালীন জেলা প্রশাসক ইমাম গাজ্জালী ট্রাস্টকে উচ্ছেদের নোটিশ দেন। ওই বছরের ২২ জুন এ নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে ইমাম গাজ্জালী ট্রাস্ট। ২০১১ সালে এ রিট খারিজ এবং বাড়িটি দখলমুক্ত করে সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা স্থাপনের আদেশ দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদনের অনুমতি চেয়ে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে ইমাম গাজ্জালী ট্রাস্ট।

গত ৪ মে এ লিভ টু আপিল খারিজ করে দেয়ায় এখন সরকারের স্মৃতি সংগ্রহশালা স্থাপনে আর বাধা রইল না।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ