রাজধানীর কারওয়ান বাজারে ভেজাল মশলা বিরোধী অভিযান চালিয়ে ৮ জনকে জরিমানা ও দু'জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ ও বিএসটিআই এর যৌথে উদ্যোগে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পেছনে এ অভিযান শুরু হয়। অভিযান শেষ হয় দুপুর পৌনে ২টায়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। এসময় অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-২ এর সহ-অধিনায়ক মেজর সালাহউদ্দিন ও এএসপি মারুফ হোসেন, বিএসটিআই এর মাঠ পরিদর্শক সুরাইয়া পারভীন।
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা টাইমনিউজবিডিকে বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের মধ্যে ভেজাল মশলা বিক্রির প্রবণতা বেড়ে গেছে। তাই এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, এখানে মোট ৮ জনকে ভেজাল মশলা মজুত ও বিক্রির দায়ে ১ লাখ করে টাকা জরিমান করা হয়। এদের মধ্যে দু'জন মালিককে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ড প্রাপ্তরা হলেন, মনির (৩২) ও গিয়াস উদ্দিন(৫০)।
জরিমানাপ্রাপ্তরা হলেন, সুমন (২২), মো. আব্দুল জলিল (১৯), কাউসার আলী (৩২), খাজা মিয়া (৪৪), দুলাল মিয়া (৪০), আমির হোসেন (১৯)।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, অভিযুক্তরা মরিচের গুড়া, ধনিয়ার গুড়া ও হলুদের গুড়া বিক্রির নামে এক প্রকাশ ঘাসের বীজের গুড়া বিক্রি করে আসছিল।
এই ঘাসের বীজ সংগ্রহ করে তারা নিজস্ব মেশিনে গুড়া করে তাতে রং মিশিয়ে মশলা হিসেবে বিক্রি করে। সোমবার দুপুরে ভেজাল মশলা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
জেইউ/কেএইচ





