একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন মঙ্গলবার।
মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন সোমবার এ তথ্য জানান।
তিনি বলেন, 'আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ পিটিশন দাখিল করা হবে।'
এর আগে গত ১৫ মার্চ মৃত্যুদন্ড দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। সে হিসেবে ৩১ মার্চ পর্যন্ত সময় রয়েছে।
২০১৪ সালের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দেন।
এই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিমকোর্টে আপিল করেন নিজামী। ৬,২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চান তিনি। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।
এরপর দীর্ঘ শুনানি শেষে গত বছরের ০৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন চার বিচারপতির আপিল বেঞ্চ।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনে ট্রাইব্যুনালের আদেশে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১০ সালের ২৯ জুন থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।
এমবি





